ঢাকা | জুন ৩০, ২০২৬ - ১১:৫৯ অপরাহ্ন

শিরোনাম

দুর্গাপুরে মাদক ব্যবসায়ীর মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট: Tuesday, June 30, 2026 - 10:32 pm

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের আমগাছি বাজারে স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে একটি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত এই মানববন্ধনে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় শতশত বাসিন্দা অংশ নেন।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আমগাছি পশ্চিমপাড়া গ্রামের শমসের আলীর ছেলে ইদ্রিস আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, সুদের কারবারসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এসব অপরাধের প্রতিবাদ করায় তিনি এলাকার নিরীহ মানুষের বিরুদ্ধে একের পর এক হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করছেন। সম্প্রতি ১২ জন নিরীহ ব্যক্তির বিরুদ্ধে করা মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।

মানববন্ধনে ভুক্তভোগী আব্দুল লতিফ বলেন, আমি ভূমিহীন হওয়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে স্ত্রীসহ বাস করি। গত ১০ এপ্রিল সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ইদ্রিস আলী আমাকে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে মারধর ও জখম করেন। পরে একটি কক্ষে আটকে রেখে নির্যাতন চালালে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরদিন আমার স্ত্রী বাদী হয়ে মামলা করলে ইদ্রিস আলী ক্ষিপ্ত হয়ে এখন আমাদের নিয়মিত হুমকি দিচ্ছেন।

মানববন্ধনে উপস্থিত বিএনপি নেতা শফিকুল ইসলাম অভিযোগ করেন, ইদ্রিস আলী পূর্ববর্তী সরকারের আমল থেকেই এলাকায় প্রভাব বিস্তার করে অপকর্ম করে আসছেন, যা এখনো থামেনি। আব্দুল লতিফকে উদ্ধারের সময় এলাকাবাসী ইদ্রিস আলীর বাড়িতে নির্যাতনের জন্য ব্যবহৃত কক্ষে ৩টি কবর সদৃশ গর্ত ও ফাঁকা স্ট্যাম্প দেখতে পায়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।