বাগমারায় ভ্রাম্যমাণ আদালতকে সহায়তার জেরে কম্পিউটার অপারেটরকে প্রাণনাশের হুমকি
বাগমারা প্রতিনিধি: বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করায় উপজেলা ভূমি অফিসের কম্পিউটার অপারেটর তোফাজ্জল হোসেন ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু বখাটের বিরুদ্ধে।
এ ঘটনায় তোফাজ্জল হোসেন নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ৪ জনের নাম উল্লেখ করে মঙ্গলবার সন্ধ্যায় বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্প্রতি গোবিন্দপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ পুকুর খনন বন্ধে এবং হাটনামনাশ বাজারে বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে একাধিক ব্যক্তিকে জেল-জরিমানা করেন।
বখাটেদের অভিযোগ, কম্পিউটার অপারেটর তোফাজ্জল হোসেনের তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে। এরই জেরে গত ২৮ জুন রাতে হাট দামনাশ বাজারে পারদামনাশ গ্রামের আব্দুল হাকিম, রফিকুল ইসলাম ও রাজিব হোসেনসহ কয়েকজন তোফাজ্জল হোসেনের ওপর হামলার চেষ্টা করে।
তোফাজ্জল হোসেন মোটরসাইকেল যোগে পালিয়ে প্রাণ রক্ষা করেন। পরে বখাটেরা তার বসতবাড়ির নির্মাণাধীন প্রাচীর ভেঙে দেয় এবং পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, জিডির প্রেক্ষিতে ভুক্তভোগী ও তার পরিবারকে নিরাপত্তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের এসআই নুরুল ইসলামকে নির্দেশ দেয়া হয়েছে।











