ঢাকা | জুলাই ১, ২০২৬ - ২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম

নগরীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

  • আপডেট: Tuesday, June 30, 2026 - 10:37 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র‌্যাব।

জানা গেছে, গত সোমবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহী সদর কোম্পানির একটি অপারেশন দল চন্দ্রিমা থানাধীন হাজরা পুকুরপাড় রেলওয়ে মাঠের উত্তর পাশে অভিযান পরিচালনা করে।

এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড অ্যামোনিশন ও একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়। অভিযান চলাকালে ঘটনাস্থলের আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির প্রকৃত মালিক সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারেননি। অস্ত্র ও গুলির সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

র‌্যাবের প্রাথমিক ধারণা, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশে সন্ত্রাসীরা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অস্ত্র ও গুলি সংগ্রহ করেছিল। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা সেগুলো ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সাধারণ ডায়েরির মাধ্যমে উদ্ধারকৃত বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।