ভোলাহাটে ১২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরকারি বীজ ও সার বিতরণ
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার ১,২০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে এই প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়।
কর্মসূচির আওতায় প্রতিজন কৃষককে ৫ কেজি উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদ হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ, আরডিও সবুজ আলী, এলজিইডি প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) আছহাবুর রহমান এবং উপজেলা খাদ্য কর্মকর্তা শফিকুল ইসলাম।
বক্তারা বলেন, সরকারের এই কৃষিবান্ধব প্রণোদনা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষকদের আমন চাষে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সরকারি সহায়তার যেন কোনো অপব্যবহার না হয়, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান কর্মকর্তারা।











