ঢাকা | জুন ৩০, ২০২৬ - ৩:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের চেক বিতরণ

  • আপডেট: Monday, June 29, 2026 - 10:42 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ৪০ জন উপকারভোগীর হাতে ২৫ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ করা হয়েছে।

রাজশাহীতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত বরাদ্দ ভূমিমন্ত্রীর তালিকা অনুযায়ী অসহায় ও দুস্থ মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী এবং রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা সমাজের অসহায়, দরিদ্র ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সরকার মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে অসহায় মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি উপকারভোগীদের এই অনুদান যথাযথভাবে ব্যবহার করে নিজেদের প্রয়োজন পূরণের আহ্বান জানান।

পরে জেলা প্রশাসক ৪০ জন উপকারভোগীর প্রত্যেকের হাতে ২৫ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।