ঢাকা | জুন ২৯, ২০২৬ - ১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম

রাণীনগরে রাতে মোটরসাইকেল চুরি, ভোরে ছদ্মবেশে ছিনতাই

  • আপডেট: Sunday, June 28, 2026 - 10:35 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে রাতে মোটরসাইকেল চুরি এবং ভোরে থ্রি-পিস ও প্যান্ট পরে মুখ বেঁধে অভিনব কায়দায় ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ছিনতাইকারীদের মারধরে মিশুক প্রামাণিক (২৪) নামে এক যুবক আহত হয়েছেন। তাকে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার রাতে এবং রবিবার ভোরে পৃথক এই ঘটনা দুটি ঘটে।

ভুক্তভোগী মিশুক প্রামাণিক জানান, নানার মৃত্যুর খবর পেয়ে ভোর পৌনে ৪টার দিকে একটি টমটমযোগে পরিবারের সদস্যদের নিয়ে তারা আত্রাই উপজেলার তিলাবুদুরি গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে রাণীনগরের আলোপাড়ার মোড় এলাকায় পৌঁছালে থ্রি-পিস ও কালো প্যান্ট পরিহিত মুখ বাঁধা তিনজন ছিনতাইকারী সড়কে বাঁশ ফেলে তাদের পথরোধ করে। পরে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও ভয়ভীতি দেখিয়ে ২৩ হাজার টাকা এবং তার মায়ের গলা থেকে ৫ আনার একটি সোনার মালা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

অপরদিকে উপজেলার খাগড়া গ্রামের অবসরপ্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জহুরুল ইসলাম জানান, শনিবার রাতে কুজাইল বাজারে নিজের চেম্বারের সামনে ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেলটি রেখে তিনি মসজিদে এশার নামাজ পড়তে যান। নামাজ শেষে ফিরে এসে দেখেন তার মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। এই ঘটনায় তিনি রাতেই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসব ঘটনায় মামলা রুজুসহ জড়িতদের গ্রেপ্তার এবং মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।