ঢাকা | জুন ২৯, ২০২৬ - ১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে স্কুলশিক্ষক হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার

  • আপডেট: Sunday, June 28, 2026 - 10:40 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর মেহেরচন্ডীতে রেজাউল করিম (৬০) নামে এক স্কুলশিক্ষককে হত্যার ঘটনায় ছেলে রাকিব উর রহমানকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শনিবার দিবাগত রাতে মিরপুর থানাধীন গ্রীণভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫, সদর কোম্পানী রাজশাহী ও র‌্যাব-৪, সিপিএসসি-মিরপুর-১ এর একটি যৌথ অভিযানিক দল।

রোববার দুপুরে এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৫। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে ডিএমপির মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম মৃত রেজাউল করিম রাজশাহী নগরীর চন্দ্রিমার মেহেরচন্ডী দক্ষিণপাড়ায় স্ত্রী ও আসামি রাকিব উর রহমানসহ বসবাস করতেন। রাকিব উর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তরের (মাস্টার্স) শিক্ষার্থী।

গত ২২ জুন সকাল সাড়ে ৯টার দিকে নগরীর মেহেরচন্ডীর বাসায় রাকিব তার বাবা রেজাউলের কাছে চাকরির পরীক্ষা দিতে ঢাকা যাওয়া দরকার বলে টাকা চায়। রেজাউল তখন তার স্ত্রী আঞ্জুরা বেগমের কাছ থেকে টাকা নিতে বললে রেজাউলের সঙ্গে তার স্ত্রীর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রেজাউল তার স্ত্রীকে মারধর করতে থাকলে পাশে থাকা আসামি রাকিব বাড়ির উঠানে থাকা মুগুর দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয় লোকজনের সহায়তায় রেজাউলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহত রেজাউলের স্ত্রী আঞ্জুরা বাদী হয়ে নগরীর চন্দ্রিমা থানায় ছেলে রাকিব উর রহমানকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তারের অভিযানে নামে র‌্যাব। এরই ধারাবাহিকতায় ঢাকার মিরপুর থানার গ্রীণভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃত আসামিকে ডিএমপির মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৫।