ঢাকা | জুন ২৯, ২০২৬ - ১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

আমেরিকার বাজারে নওগাঁর সুস্বাদু আম

  • আপডেট: Sunday, June 28, 2026 - 10:32 pm

নওগাঁ প্রতিনিধি: অভ্যন্তরীণ বাজারের চাহিদা মিটিয়ে এবার সরাসরি বিশ্ববাজারে দাপট দেখাতে শুরু করেছে উত্তরের জেলা নওগাঁর আম। দেশের সীমানা ছাড়িয়ে এবার যুক্তরাষ্ট্রের ভোক্তাদের পাতের শোভা বাড়াচ্ছে বরেন্দ্র অঞ্চলের এই রসালো ফল।

গত শুক্রবার (২৬ জুন) ‘গোল্ডেন ব্যাংগল ম্যাংগো’ ব্র্যান্ডের অধীনে গ্রামীণ কৃষক অ্যাগ্রো নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রাথমিকভাবে এক টন আম্রপালি আম যুক্তরাষ্ট্রের বার্কিং শহরে পাঠানো হয়েছে। জেলা থেকে আন্তর্জাতিক বাজারে ফল রপ্তানির ক্ষেত্রে এই ঘটনাকে বড় একটি মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

রপ্তানিকারক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আমের আন্তর্জাতিক মান ও গুণগত যোগ্যতা বজায় রাখতে কঠোর সতর্কতার সাথে প্রতিটি আম প্রক্রিয়াজাত করা হয়েছে। প্রথমে ‘ভেপার হিট ট্রিটমেন্ট’ (ভিএইচটি) প্রযুক্তির মাধ্যমে আমগুলোকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করা হয়। এরপর সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত ও আধুনিক পরিবেশে প্যাকেজিংয়ের কাজ শেষ করার পর বাংলাদেশ উদ্ভিদ সংগনিরোধ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট তদারকি সংস্থাগুলোর চূড়ান্ত ছাড়পত্র নিয়ে এই চালানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

গ্রামীণ কৃষক অ্যাগ্রোর স্বত্বাধিকারী আহমদ আলী এই উদ্যোগ সম্পর্কে বলেন, এটি কেবল একটি বাণিজ্যিক চালান নয়; এর সাথে জড়িয়ে আছে আমাদের দেশের প্রান্তিক কৃষকের হাড়ভাঙা খাটুনি, অপার সম্ভাবনা ও বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতার গল্প। তাদের মূল লক্ষ্য শুধু আম বিক্রি করা নয়, বরং বিশ্বের বুকে বাংলার খাঁটি স্বাদ ও আস্থার এক অনন্য ব্র্যান্ড ইমেজ তৈরি করা। নওগাঁর আমের যে বিশেষ স্বাদ ও সুবাস, তা বিদেশি ভোক্তাদের সহজেই আকৃষ্ট করবে বলে তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন। তিনি আরও জানান, প্রাথমিক চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে মোট ১০ মেট্রিক টন আম ধাপে ধাপে পাঠানো হবে। এর পাশাপাশি জার্মানি ও ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশেও আম রপ্তানির প্রক্রিয়া পুরোদমে এগিয়ে চলছে।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্যমতে, জেলায় আমের আবাদ ও উৎপাদনের গ্রাফ প্রতি বছরই ঊর্ধ্বমুখী হচ্ছে। চলতি মৌসুমে জেলা থেকে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১ হাজার ১০০ মেট্রিক টন আম রপ্তানির জোরালো আশা করছে কৃষি বিভাগ। তথ্য অনুযায়ী, এ বছর জেলায় ৩০ হাজার ৩১০ হেক্টর জমিতে আমের চাষাবাদ হয়েছে, যা গত বছর ছিল ৩০ হাজার ৩০০ হেক্টর। আবাদ বাড়ার পাশাপাশি এবার উৎপাদনও লক্ষ্যণীয় মাত্রায় বৃদ্ধি পেয়েছে। চলতি মৌসুমে আম উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে প্রায় ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন, যেখানে গত মৌসুমে জেলায় উৎপাদিত হয়েছিল প্রায় ৩ লাখ ৭৫ হাজার মেট্রিক টন আম।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনজুর রহমান গণমাধ্যমকে জানান, বৈশ্বিক বাজারের উপযুক্ত নিরাপদ ও মানসম্মত আম উৎপাদনে মাঠপর্যায়ের চাষিদের নিয়মিত কারিগরি ও প্রযুক্তিগত পরামর্শ দেওয়া হচ্ছে। একই সাথে যারা বিদেশে আম রপ্তানিতে আগ্রহী, সেসব চাষিদের কৃষি বিভাগ থেকে সব ধরনের বিশেষ সহযোগিতা প্রদান করা হচ্ছে। দেশের অন্যতম শীর্ষ আম উৎপাদনকারী অঞ্চল হিসেবে অভ্যন্তরীণ বাজারে নওগাঁর অবস্থান বরাবরই শক্তিশালী। তবে এবার বৈশ্বিক বাজারে নতুন এই দুয়ার উন্মোচিত হওয়ায় স্থানীয় আম চাষি, বাগানমালিক ও বাণিজ্যিক রপ্তানিকারকদের মধ্যে এক নতুন জোয়ার ও ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে।