রাবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: নানা আয়োজন অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।
এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা’। দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট (আইইএস) চত্বরে বৃক্ষরোপণ করেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। এরপর এক বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র্যালিতে উপাচার্যদ্বয়, আইইএস-এর পরিচালক প্রফেসর গোলাম মোস্তফা, ইনস্টিটিউট ও সংশ্লিষ্ট বিভাগ সমূহের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অন্যরা অংশগ্রহণ করেন।
পরে প্রকৌশল অনুষদ গ্যালারিতে অনুষ্ঠিত হয় সেমিনার। সেখানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর মো. হাবিবুর রহমান (প্রাণিবিদ্যা বিভাগ)। আইইএস-এর পরিচালকের সভাপতিত্বে এই সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর জাকিয়া ইয়াসমীন এবং উপস্থাপিত প্রবন্ধের উপর প্রফেসর আবুল কালাম আজাদ ও প্রফেসর এস এম শফিউজ্জামান আলোচনা করেন। সেমিনারে অন্যদের মধ্যে প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, আইইএস ও সংশ্লিষ্ট বিভাগসমূহের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য বিজ্ঞান গবেষণায় রাজশাহী ও রংপুর বিভাগের উপজাতি মানুষের জীবনমান উন্নয়নে তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি বিষয়ক কর্মশালা গতকাল বৃহস্পতিবার দুপুরে রাবি পরিসংখ্যান বিভাগের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। হিট -এটিএফ – ডব্লিউ -৩(এ), পিন ১৩১৪৩ প্রজেক্টের অংশ হিসেবে রাবি পরিসংখ্যান বিভাগের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মনসুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন হিট প্রজেক্ট এর এসপিএম ড. মুহাম্মদ গোলাম হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রজেক্টের এএসপিএম প্রফেসর ডক্টর আবু সাঈদ আল মামুন। উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর সাইদুর রহমান, প্রফেসর ড. রিফতার হোসেন, রাবি স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার নাজিব ওয়াদুদসহ পরিসংখ্যান বিভাগের প্রফেসর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সঞ্চালনা করেন প্রফেসর ড. ফারহানা হাসান।
কর্মশালায় জানানো হয় রাজশাহী ও রংপুর বিভাগে প্রায় ১০ প্রজাতির উপজাতি রয়েছে। তাদের জীবন মান উন্নয়নে এই প্রকল্পের আওতায় নানা ধরনের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।
এছাড়া ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কমিশনার মেঘা গুপ্তার নেতৃত্বে এক প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
রাবি প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এই সাক্ষাৎ ও মতবিনিময়কালে প্রতিনিধিদলটি রাবির সাথে অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানসমূহের মধ্যে অংশগ্রহণমূলক সম্পর্ক বৃদ্ধি করার আগ্রহসহ যৌথ গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষকদের প্রশিক্ষণ ও প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে আলোচনা করেন।











