পার্বতীপুরে কালনদীতে ডুবে একই পরিবারের ৩ নারীর মর্মান্তিক মৃত্যু
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া ভাদুরী বাজার সংলগ্ন কালনদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের ৩ নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মধ্যপাড়া ভাদুরী বাজার এলাকার দুলাল মিয়ার দুই কন্যা দুলালী খাতুন (২৪) ও সুরভী বেগম (১৩) এবং তহিদুল ইসলামের স্ত্রী সুমাইয়া বেগম ওরফে আকলিমা বেগম (১৯)। স্থানীয় ও গ্রাম পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে তারা নদীতে গোসল করতে নামেন। ধারণা করা হচ্ছে, প্রথমে একজন গভীর পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে অন্যরাও ডুবে যান।
খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেনের নির্দেশনাক্রমে হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে আর্থিক অনুদান হিসেবে ৫০ হাজার টাকা তুলে দেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।











