চাঁপাইনবাবগঞ্জে ২ লাখ ৩৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আগামী ২৮ জুন চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ২ লাখ ৩৪ হাজার ৬১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন ডা. একেএম শাহাবুদ্দীনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে জেলার ৫টি উপজেলার বিস্তারিত তথ্য চিত্র তুলে ধরেন ডা. রাকিবুল ইসলাম। বিষয়টির ওপর বিশদ আলোচনা করেন নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুন জেলার ৪৬টি ইউনিয়ন ও ৪টি পৌরসভার ১ হাজার ২০৪টি কেন্দ্রে একযোগে এই ক্যাম্পেইন চলবে।
এতে ৬-১১ মাস বয়সী ২৮ হাজার ৭০৮ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৫ হাজার ৯০৯ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনটি সফল করতে সিভিল সার্জন সকলের সহযোগিতা কামনা করেছেন।











