মান্দায় রিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, মহাসড়ক অবরোধ
মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় মোটরশ্রমিক ইউনিয়নের সদস্যদের বিরুদ্ধে সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে অটোরিকশা মালিক সমিতির সদস্যরা ফেরিঘাট এলাকায় আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রায় ৪৫ মিনিটব্যাপী এই অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে মান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে অটোরিকশা চলাচলের ওপর নির্দিষ্ট সময়ের বিধিনিষেধ কার্যকর করাকে কেন্দ্র করে বাসশ্রমিক ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
সিএনজি অটোরিকশা মালিক সমিতির উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের অভিযোগ, নির্ধারিত নিয়ম মেনে স্থানীয় সড়কে যাত্রী তোলার সময় মোটরশ্রমিক ইউনিয়নের লোকজন তাকে মারধর করে। তবে অভিযোগ অস্বীকার করে জেলা মোটরশ্রমিক ইউনিয়নের মান্দা শাখার সহ-সভাপতি রুকনুজ্জামান গামা বলেন, নিষিদ্ধ সময়ে মহাসড়কে যাত্রী তোলা নিয়ে দুই পক্ষের মধ্যে সামান্য ধাক্কাধাক্কি হয়েছে। মান্দা থানার ওসি খোরশেদ আলম জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।











