গোদাগাড়ীতে শিক্ষার্থীদের মাঝে শাপলার বৃক্ষ বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা’র উদ্যোগে এবং এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ওষুধি গাছ বিতরণ করা হয়েছে।
গ্রীণ ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এর আর্থিক সহায়তায় এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কৌশলগত সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুনমুন সুলতানা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রনি শেখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ২৬৩ জন শিক্ষক ও শিক্ষার্থীর মাঝে জনপ্রতি ৫টি করে (জলপাই, আমড়া, সফেদা, নিম ও অর্জুন) মোট ১ হাজার ৩১৫টি গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রকল্পের সমন্বয়কারী আসলাম উদ্দিন, টেকনিক্যাল অফিসার ইনতেখাব আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











