বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর, কার্যালয় ভাঙচুর
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নে ওয়ার্ড বিএনপির সভাপতিসহ দুই নেতাকে মারধর ও দলীয় কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠেছে স্থানীয় একদল যুবকের বিরুদ্ধে।
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে স্থাপনা নির্মাণে বাধা দেওয়ায় এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালকান্দি ইউনিয়নের জলপাইতলা মোড় সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গা দখল করে স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন স্থানীয় শহিদুল ইসলাম শহিদ। এতে বাধা দিতে গেলে রোববার বিকেলে শহিদ ও তার সহযোগীদের সাথে বিএনপি নেতাদের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে সান্টু প্রামানিক, রুহুল আমিন, সিরাজুল ইসলাম ও হাবলুসহ কয়েকজন একজোট হয়ে ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাব্বির আহম্মেদ ও তার সহযোগী স্থানীয় বিএনপি নেতা জামাল মন্ডলকে মারধর করে।
অভিযোগ রয়েছে, মারধরের পর হামলাকারীরা জলপাইতলা মোড়ে অবস্থিত ৩নং ওয়ার্ড বিএনপির কার্যালয়টিতে চড়াও হয় এবং ভাঙচুর চালায়। হামলায় আহত বিএনপি নেতা সাব্বির আহম্মেদ ও জামাল মন্ডলকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, ঘটনার প্রেক্ষিতে এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।











