ঢাকা | জুন ১৮, ২০২৬ - ৩:৫৩ পূর্বাহ্ন

বিশ্ব তামাকমুক্ত দিবস চাকুরিতে ধূমপায়ীদের অযোগ্য ঘোষণার দাবি

  • আপডেট: Wednesday, June 17, 2026 - 11:25 pm

স্টাফ রিপোর্টার: বিশ্ব তামাকমুক্ত দিবসের অনুষ্ঠানে ধূমপানের ভয়াবহতা তুলে ধরে বক্তারা বলেন, তামাকমুক্ত সমাজ গঠনে সরকারি চাকুরিতে ধূমপায়ীদের অযোগ্য ঘোষণা করতে হবে।

অনেক অভিভাবক অবচেতন মনে সন্তানদের সামনেই ধূমপান করেন, যার ফলে কোমলমতি শিশুরা কোনো দোষ না করেই বিষাক্ত ধোঁয়ার শিকার হচ্ছে।

এসময় তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে ১৮ বছরের নিচের কারও কাছে তামাকজাত দ্রব্য বিক্রয় যে দণ্ডনীয় অপরাধ ঘোষিত হয়েছে, তার কার্যকর বাস্তবায়ন ও এর প্রচার জোরদারের দাবি জানান তাঁরা।

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে  বুধবার রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় হতে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভাগীয় কমিশনার কার্যালয়ে শেষ হয়। র‌্যালি শেষে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক ডা. হাবিবুর রহমান, পিআইডির উপপ্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহা. আনোয়ারুল ইসলাম, রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসের সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী প্রমুখ বক্তৃতা করেন।

সভায় বক্তাগণ বলেন, দেশে মাদকসেবীদের প্রায় ৯৮ শতাংশই ধূমপানের মাধ্যমে তাদের আসক্তি শুরু করে। ধূমপায়ীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণেই দেশে মাদক গ্রহণকারীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে বলে তারা অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

পরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় স্বাস্থ্যসেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের উদ্যোগে এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়।