ঢাকা | জুন ১৮, ২০২৬ - ১২:৫১ পূর্বাহ্ন

নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

  • আপডেট: Wednesday, June 17, 2026 - 11:24 pm

স্টাফ রিপোর্টার: নাটোরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় জালাল উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. তৈয়ব আলী এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামি জালাল উদ্দিনের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামে। মামলার রায় ঘোষণার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মুন্সি আবুল কালাম আজাদ জানান, ২০২৩ সালের আগস্ট মাসে অভিযুক্ত জালাল উদ্দিন কৌশলে শিশুটিকে ফুঁসলিয়ে তার ঘরে ডেকে নিয়ে যান এবং তাকে ধর্ষণ করেন। পরবর্তীতে শিশুটির কান্নাকাটি ও শারীরিক অবস্থা দেখে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন। ঘটনার পরপরই শিশুটির মা বাদী হয়ে নাটোরের গুরুদাসপুর থানায় জালাল উদ্দিনকে একমাত্র আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

পরবর্তীতে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। এখানে শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করলেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি মুন্সি আবুল কালাম আজাদ। এছাড়াও  বাদি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মিজানুল ইসলাম।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুন্সি আবুল কালাম আজাদ বলেন, দেশে যেভাবে শিশু ধর্ষণের মতো অপরাধ বেড়ে চলেছে তা প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমরা মনে করি, এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি যথার্থ বিচার পেয়েছে।