ঢাকা | জুন ১৭, ২০২৬ - ২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী কলেজে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

  • আপডেট: Tuesday, June 16, 2026 - 11:00 pm

স্টাফ রিপোর্টার: আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে রাজশাহী কলেজে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য সমর্থন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় অংশ নেয়া শিক্ষার্থীরা আর্জেন্টিনার পতাকা, ব্যানার ও বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন কলেজ ক্যাম্পাস।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী কলেজের রজনীকান্ত সেন মঞ্চ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি প্রশাসনিক ভবনের সামনে দিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে বক্তব্য দিতে গিয়ে রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, রাজশাহী কলেজের প্রায় ৩২ হাজার শিক্ষার্থীর মধ্যে অধিকাংশই আর্জেন্টিনার সমর্থক।

রাজশাহী কলেজ আর্জেন্টিনা ফ্যানাটিক্স (আরসিএএফ) এর সভাপতি যুবাইর রশীদ বলেন, রাজশাহী কলেজের আর্জেন্টিনা সমর্থকদের একত্রিত করে বিশ্বকাপকে ঘিরে বিভিন্ন কার্যক্রম পরিচালনার উদ্দেশে সংগঠনটি গঠন করা হয়েছে। আগামী বিশ্বকাপ উপলক্ষে আমরা নানা ধরনের প্রস্তুতি গ্রহণ করব।

সাধারণ সম্পাদক ইসরাত জাহান বলেন, আর্জেন্টিনা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। আমরা বিশ্বাস করি, চ্যাম্পিয়ন দল হিসেবে আর্জেন্টিনা সবসময়ই সমর্থকদের গর্বের জায়গায় থাকবে।