ঢাকা | জুন ১৭, ২০২৬ - ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম

বিদেশিকে হেনস্থার মামলায় রাজশাহী সেই টিকটকার আকাশ গ্রেপ্তার

  • আপডেট: Tuesday, June 16, 2026 - 11:01 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর কয়েকজন তথাকথিত কনটেন্ট ক্রিয়েটরের হাতে দুই বিদেশি পর্যটক হেনস্তার শিকারের ঘটনায় মামলার অভিযুক্ত প্রধান আসামি মো. আকাশকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে লালপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আকাশ নগরীর ভদ্রা বস্তির বাসিন্দা মো. সেলিমের ছেলে।

লালপুর থানা ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮মে গ্রিন ভ্যালি পার্কে কথিত টিকটকার মোহাম্মদ সাধু নামীয় ব্যক্তি ‘টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬’ ব্যানারে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য মাঠ ভাড়া করেন। বেলা দেড়টার দিকে ১০০ থেকে ১২০ জন বিভিন্ন বয়সের নারী ও পুরুষ পার্কের নির্ধারিত স্থানে অস্থায়ী মঞ্চে অনুষ্ঠান শুরু করেন।

এ সময় পার্কের ভেতরে ‘সন্ধ্যা মালতী’ নামক পিকনিক স্পটের পাশ দিয়ে পার্কে আগত রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত দুজন বিদেশি নাগরিক যাওয়ার সময় ১০-১৫ জন টিকটকার তাদের পথরোধ করে বিভিন্ন ধরনের অশ্লীল ভাষা প্রয়োগ করেন এবং ভিডিও ধারণ করেন। বিষয়টি জানতে পেরে পার্কের ম্যানেজার এস এম ওয়াজেদুর রহমানসহ অন্য কর্মচারীরা মিলে তাঁদের নিবৃত করেন। বিকেল ৫টার দিকে তাঁরা অনুষ্ঠান শেষ করে চলে যান। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পার্কের ম্যানেজার এস এম ওয়াজেদুর রহমান বাদী হয়ে লালপুর থানায় মামলা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩৮৫ ও ৫০০ ধারাসহ সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়েছে। তিনি বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।