ঢাকা | জুন ১৬, ২০২৬ - ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম

ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশ রাসিক প্রশাসকের

  • আপডেট: Monday, June 15, 2026 - 10:44 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশন-এর ওয়ার্ড সচিব অ্যাসোসিয়েশনের আয়োজনে নগরীর একটি রেস্তোরাঁর কনফারেন্স কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

সভায় রাসিক প্রশাসক ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারভাবে প্রদান, সেবার মান বৃদ্ধি, জনগণের দোরগোড়ায় কার্যকর সেবা পৌঁছে দেয়া এবং জনসেবায় দায়িত্বশীলতা ও সমন্বয় বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

একই সঙ্গে প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপণের আহবান জানান রাসিক প্রশাসক। মতবিনিময় সভায় রাসিক ওয়ার্ড সচিব অ্যাসোসিয়েশনের সভাপতি আহাদ আলী, সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনসহ রাসিকের ৩০টি ওয়ার্ডের সচিববৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারী ওয়ার্ড সচিববৃন্দ নাগরিক সেবা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন মতামত তুলে ধরেন। এ সময় রাসিক প্রশাসক নগরবাসীর প্রত্যাশা পূরণে আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এটিএম বুথের উদ্বোধন

গ্রাহকদের আধুনিক ও সহজ ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে মহানগরীতে জনতা ব্যাংক পিএলসি, কাদিরগঞ্জ শাখার নতুন এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এটিএম বুথের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় জনতা ব্যাংকের পক্ষ থেকে রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

অনুষ্ঠানে জনতা ব্যাংক বিভাগীয় কার্যালয়, রাজশাহীর জেনারেল ম্যানেজার (ইনচার্জ) জাহাঙ্গীর হোসেন জোয়ারদার, এরিয়া অফিসের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) আতিকুর রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারঃ) আহমদ আল মঈন পরাগ, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার ব্যবস্থাপক আনন্দ কুমার প্রাংসহ অন্যান্য শাখার ব্যবস্থাপকবৃন্দ ও কাদিরগঞ্জ শাখার কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।