ঢাকা | জুন ১৫, ২০২৬ - ২:২৭ পূর্বাহ্ন

উত্তেজনার একদিন পর চারঘাট সীমান্তে স্বস্তি, পরিস্থিতি শান্ত

  • আপডেট: Sunday, June 14, 2026 - 10:54 pm

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাট সীমান্তে পুশইন ইস্যুকে কেন্দ্র করে শনিবার সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে।

রোববার সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। এতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার চারঘাট উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পুশইনের খবর ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি, প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা মাঠে সক্রিয় ভূমিকা পালন করেন। সীমান্তসংলগ্ন গ্রামগুলোতে মাইকিং করে জনগণকে সতর্ক থাকা এবং সন্দেহজনক কোনো বিষয় নজরে এলে দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়।

এসময় সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির টহল জোরদার করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারিতে থাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ বিরাজ করছিল।

রোববার সকাল থেকে সীমান্ত এলাকায় পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে এবং সীমান্তবর্তী গ্রামগুলোতে মানুষের স্বাভাবিক চলাচল শুরু হয়েছে।

এ বিষয়ে চারঘাট বিকল্প বিওপি কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, চারঘাট সীমান্তে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও স্বাভাবিক রয়েছে।

শনিবার পুশইন ইস্যুকে কেন্দ্র করে সীমান্তবর্তী কিছু এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিলে বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নজরদারি বৃদ্ধি করা হয়। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে এবং স্থানীয় জনগণকে সচেতন করতে মাইকিং করা হয়েছে।

ইউসুফপুর সীমান্তের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কালাম আজাদের সাথে কথা হলে তিনি জানান, চারঘাট সীমান্ত এলাকার পরিবেশ বর্তমানে স্বাভাবিক রয়েছে। সেই সাথে বিজিবির টহল জোরদার করা হয়েছে। সব মিলিয়ে চারঘাট সীমান্ত এলাকায় বর্তমানে পরিবেশ পুরোপুরি শান্ত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।