ঢাকা | জুন ১৪, ২০২৬ - ২:৩৩ পূর্বাহ্ন

শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না: এমপি চাঁদ

  • আপডেট: Saturday, June 13, 2026 - 10:37 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য (এমপি) আবু সাঈদ চাঁদ বলেছেন, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। তাই শিক্ষাকে কাজে লাগিয়ে উন্নত জাতি গঠনে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার সকাল ১১টায় রাজশাহীর বাঘা উপজেলা সদরের ঐতিহ্যবাহী ‘ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয়, কারিগরি ও কৃষি কলেজ’-এর চারতলা ভিত্তিবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাজশাহীর বাস্তবায়নে ‘নির্বাচিত সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের একাডেমিক ভবন নির্মাণ/সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ২ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে এই ভবনটি নির্মাণ করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জন করলেই চলবে না, নৈতিক জ্ঞানও অর্জন করতে হবে। উঠতি বয়সী শিক্ষার্থীরা মাদক সেবনসহ নানা অপকর্মে জড়িয়ে নিজের ভবিষ্যৎ ধ্বংস করছে। কিশোর শিক্ষার্থীরা রাতে লেখাপড়া বাদ দিয়ে হাট-বাজারে ঘোরাফেরা করে, যা অত্যন্ত উদ্বেগজনক। শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ।

তাই অভিভাবক ও শিক্ষকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা ও নৈতিকতার সমন্বয় ঘটিয়ে মাদকমুক্ত উন্নত জাতি গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সাথে বিভিন্ন পাবলিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানান এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সালেহ আহম্মেদ সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মি আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর এবং ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয়, কারিগরি ও কৃষি কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আশরাফ আলী মলিন, সদস্য মোখলেছুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিব।

এছাড়াও বাঘা থানা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, বিদ্যালয়ের অভিভাবক সদস্য শাহিনুর রহমান, শিক্ষক প্রতিনিধি আলতাব হোসেন, প্রকৌশলী এজাজুল আলমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।