ঢাকা | জুন ১৪, ২০২৬ - ২:৩৩ পূর্বাহ্ন

বাগমারায় রাস্তা পাকাকরণে ব্যাপক অনিয়মের অভিযোগ: ক্ষুব্ধ এলাকাবাসী

  • আপডেট: Saturday, June 13, 2026 - 10:38 pm

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দেউলিয়া গ্রামের ‘ চেয়ারম্যান পাড়া’ গ্রামীণ সড়ক পাকাকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী যে স্থান থেকে রাস্তাটির সিসি (কংক্রিট) ঢালাইয়ের কাজ শুরু করার কথা ছিল, তা না করে মাঝখানের অংশ বাদ দেয়া হয়েছে। এছাড়া এক নম্বর ইটের পরিবর্তে অত্যন্ত নিম্নমানের ইট এবং বেজ ভরাটের ক্ষেত্রে বালুর বদলে মাটি ব্যবহার করায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত শুক্রবার সরেজমিনে গিয়ে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে কাবিটা প্রকল্পের আওতায় বাসুপাড়া ইউনিয়নের দেউলিয়া গ্রামের চেয়ারম্যান পাড়ায় ১২০ ফুট সিসি রাস্তা পাকাকরণ কাজের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এই প্রকল্পের সভাপতি ও ঠিকাদার হিসেবে কাজটি বাস্তবায়নের দায়িত্ব পান সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আবু বকর সিদ্দিক।

স্থানীয়দের অভিযোগ, সিসি রাস্তাটির নির্মাণকাজ দেউলিয়া চৌরাস্তার মোড় থেকে বাগমারা থানা সংযোগ সড়কের ‘ওসমানের ঢোপ’ নামক স্থান থেকে শুরু করার কথা ছিল। কিন্তু নিয়মের তোয়াক্কা না করে মাঝখানের একটি বড় অংশ বাদ দিয়ে ‘আবুল মাস্টারের’ বাড়ি থেকে ‘রফিকের’ বাড়ি পর্যন্ত কাজ করা হয়েছে।

এছাড়া প্রশাসনের সঠিক নজরদারি না থাকায় নিম্নমানের ইট, সুরকি ও বালু দিয়ে ঢালাইয়ের কাজ করা হয়েছে এবং কাজের ত্রুটি লুকাতে ওপর থেকে বালু ছিটিয়ে ঢেকে দেয়া হয়েছে। কাজের মান এতটাই নিম্নমুখী যে, রাস্তা উদ্বোধনের আগেই যানবাহন চলাচলের কারণে এখনই ঢালাইয়ের খোয়া উঠতে শুরু করেছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রকল্পের সভাপতি ও ইউপি সদস্য আবু বকর সিদ্দিক অনিয়মের সব অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয়রা জমি না দেয়ার কারণে রাস্তার মাঝখানের অংশ বাদ দিয়ে কাজ শুরু করা হয়েছে। তবে এই কাজের জন্য ঠিক কত টাকা বরাদ্দ হয়েছে, তা তিনি জানেন না বলে দাবি করেন। এদিকে কাজের গুণগত মান ও অনিয়মের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর-এ-শেফা বলেন, সিসি রাস্তাটির পাকাকরণ কাজ সম্পন্ন হওয়ার পর মাঠ পর্যায়ে পরিদর্শন করা হবে। যদি সিডিউল ও প্রাক্কলন অনুযায়ী কাজ না হয়ে থাকে, তবে সংশ্লিষ্টদের চূড়ান্ত বিল বন্ধ করে দেয়া হবে।