ঢাকা | জুন ১৪, ২০২৬ - ১২:৩৪ পূর্বাহ্ন

রাজশাহীতে ‘আমরা বাগমারাবাসী’ সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, June 13, 2026 - 10:39 pm

বাগমারা প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে বসবাসরত বাগমারা উপজেলার সর্বস্তরের মানুষের সামাজিক সংগঠন “আমরা বাগমারাবাসী” সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজশাহী মহানগরীর পদ্মাপাড়ে অবস্থিত ‘সীমান্ত অবকাশ’-এ আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ.ন.ম. বজলুর রশিদ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সমিতির সাধারণ সম্পাদক ও রাজশাহী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক এস. এম. তাজুল ইসলামের চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির, জেএন ইন্টারন্যাশনাল-এর স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম, পদ্মা গ্যালারির স্বত্বাধিকারী এফাজুর রহমান এবং বাগমারা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু বাক্কার সুজন।

এছাড়াও বক্তব্য দেন প্রভাষক নিজাম উদ্দিন, প্রভাষক কামরুল ইসলাম, অপূর্ব কম্পিউটারের স্বত্বাধিকারী জাফর আলী, ব্যাংক ম্যানেজার কলিম উদ্দিন, মাস্টার আলাউদ্দিন ও মাস্টার বেলাল উদ্দিন প্রমুখ। ঐতিহ্যবাহী এই ঈদ পুনর্মিলনী উৎসবে রাজশাহী মহানগরীতে কর্মরত ও বসবাসরত বাগমারা উপজেলার শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, বিচারক, সরকারি কর্মকর্তা, ব্যাংকার, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, উদ্যোক্তাসহ সমিতির উপদেষ্টা ও কার্যকরী পরিষদের সদস্যসহ প্রায় ৭০০ জন সদস্য সপরিবারে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, রাজশাহী শহরে বসবাসরত বাগমারা উপজেলার বাসিন্দাদের মধ্যে পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ, মানবিক সহায়তা ও সামাজিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৯ সালের ২৯ মে “আমরা বাগমারাবাসী, রাজশাহী মহানগর, রাজশাহী” সমিতিটি প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি প্রতি বছর ঈদ পুনর্মিলনী, বনভোজন, ইফতার মাহফিল, দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, চিকিৎসা ও শিক্ষা সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম সফলভাবে পরিচালনা করে আসছে। স্মরণীয় এই উৎসবের সমাপনী পর্বে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সবশেষে আকর্ষণীয় র‌্যাফেল ড্র-এর মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।