ঢাকা | জুন ১৩, ২০২৬ - ২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল অটোভ্যানচালকের

  • আপডেট: Friday, June 12, 2026 - 11:23 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে গরুবোঝাই একটি ইঞ্জিনচালিত ভুটভুটির ধাক্কায় মো. জাফর (৭০) নামের এক ব্যাটারিচালিত অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)  হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। তিনি দক্ষিণ লালপুর গ্রামের মৃত রহিম শেখের ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫ টার দিকে লালপুরমুখী ব্যাটারিচালিত অটোভ্যান চালিয়ে যাচ্ছিলেন জাফর। এ সময় একই দিকে যাওয়া গরুবোঝাই একটি ইঞ্জিনচালিত লম্বাবডির ভুটভুটি পেছন থেকে অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ভুটভুটিটি জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে চালক আনিসুর রহমানকে থানা হেফাজতে নেয়া হয়েছে। তিনি লালপুর উপজেলার ভাটপাড়া চামটিয়া গ্রামের এস্কেন মণ্ডলের ছেলে।

এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ বলেন, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।