তানোরে অনলাইন জুয়ায় টাকা হেরে যুবকের আত্মহত্যা, এলাকায় চাঞ্চল্য
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে অনলাইন জুয়ায় টাকা হারানো ও পারিবারিক কলহের জেরে একলাছুর রহমান ওরফে আহাদ আলী (২১) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে তানোর পৌর এলাকার রায়তান বাজে আকচা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আহাদ ওই গ্রামের গোলাপ আলীর ছেলে।
পেশায় তিনি একজন রাজমিস্ত্রী ছিলেন। আহাদের এই রহস্যজনক মৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারে বইছে শোকের মাতম। এদিকে অনলাইন জুয়ার মরণনেশা থেকে যুবসমাজকে বাঁচাতে এই চক্রের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজমিস্ত্রীর কাজ করার পাশাপাশি আহাদ আলী কিছুদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন। সম্প্রতি একই গ্রামের রাব্বানী নামের এক যুবকের মাধ্যমে তিনি জুয়া খেলতেন। জুয়ায় অংশ নিয়ে আহাদ প্রায় এক লাখ টাকা হেরে যান। হারের পর টাকার জন্য রাব্বানী ক্রমাগত আহাদকে চাপ দিতে থাকেন। একদিকে দেনার দায়, অন্যদিকে এই নিয়ে পরিবারে সৃষ্টি হওয়া কলহের কারণে তীব্র মানসিক অশান্তিতে ভুগছিলেন তিনি।
এরই জেরে গত বৃহস্পতিবার দিবাগত রাতে বাড়ির উঠান ঘরের বাঁশের তিরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আহাদ আত্মহত্যা করেন। পরে স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে আহাদকে মৃত ঘোষণা করেন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।











