ঢাকা | জুন ১৩, ২০২৬ - ১২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপডেট: Friday, June 12, 2026 - 11:22 pm

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা নদীতে ডুবে জেসমিন ওরফে কারিমা (৮) এবং ইসরাত খাতুন ওরফে বুড়ি (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখর আলী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। জেসমিন বাখর আলী টিকলির চর গ্রামের জহুরুল ইসলামের মেয়ে এবং ইসরাত চাকপাড়া গ্রামের মৃত কাজলের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, পরিবারের অজান্তে তিন শিশু পদ্মা নদীতে গোসল করতে যায়। এ সময় সাঁতার না জানা জেসমিন ও ইসরাত পানিতে ডুবে গেলে তাদের সঙ্গে থাকা মাহিন (৬) বাড়িতে খবর দেয়। পরে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল পৌনে ৩টার দিকে জেসমিন এবং বিকেল সাড়ে ৪টার দিকে ইসরাতের মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার আব্দুর রাজ্জাক বলেন, দুই শিশু নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও নৌ-পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করছে।