বিভিন্ন উপজেলায় শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশ, প্রযুক্তিনির্ভর উদ্যোগ ও বিজ্ঞানভিত্তিক গবেষণাকে উৎসাহিত করতে রাজশাহী ও নওগাঁর বিভিন্ন উপজেলায় ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী স্থানীয় উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক মডেল, পরিবেশবান্ধব প্রযুক্তি ও কৃষি উন্নয়নমূলক চমৎকার সব আইডিয়া উপস্থাপন করেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর:
চারঘাট (রাজশাহী)
রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ হলরুমে গতকাল সকাল ১০টায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের স্টার্টআপ উদ্যোগ ও স্বাস্থ্যসেবা বিষয়ক প্রযুক্তি প্রদর্শন করে।
পবা (রাজশাহী)
রাজশাহীর পবা উপজেলা পরিষদ হলরুমে গতকাল সকালে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ১২টি স্টলে তাদের উদ্ভাবনী মেধা ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করে।
গোদাগাড়ী (রাজশাহী)
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গোদাগাড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গতকাল সকাল ১০টায় এ মেলার আয়োজন করা হয়। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মো. মুজিবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আব্দুর রহমান।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বরে মাধ্যমিক স্কুল শিক্ষার্থীদের এই বিজ্ঞানের উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এসইডিপি প্রকল্পের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান।
মান্দা (নওগাঁ)
নওগাঁর মান্দা উপজেলা পরিষদ হলরুমে গতকাল শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা’ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের গবেষণা ও স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করেন।
সাপাহার (নওগাঁ)
নওগাঁর সাপাহারে গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার শুভ উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনের শেষে অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।











