ঢাকা | জুন ৯, ২০২৬ - ১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে প্রাক-বৃত্তিমূলক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

  • আপডেট: Monday, June 8, 2026 - 11:20 pm

স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রম ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা (প্রাক-বৃত্তিমূলক) প্রশিক্ষণ’ কোর্সের দ্বিতীয় কনসালটেশন সেশন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং কনসালটেশন সেশনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে জানার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জীবনমান উন্নয়ন, আত্মনির্ভরশীলতা অর্জন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির অন্যতম প্রধান হাতিয়ার।

প্রশিক্ষণপ্রাপ্তরা অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদের অর্থনৈতিক উন্নয়ন ও দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে তিনি প্রশিক্ষণার্থীদের মতামত শোনেন এবং তাঁদের সম্মানজনক কর্মসংস্থানে (শোভন কর্মে) যুক্ত করতে উপস্থিত অংশীজনদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার বলেন, কারিগরি ও ব্যবহারিক দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণ-তরুণীরা কর্মমুখী হয়ে উঠবে। দক্ষতা উন্নয়নই টেকসই উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের অন্যতম কার্যকর মাধ্যম।

অনুষ্ঠানের সভাপতি ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক রায়হানুর ইসলাম বলেন, এই কোর্সটি সমাজের পিছিয়ে পড়া ও ঝরে পড়া শিক্ষার্থীদের মূলধারায় সম্পৃক্ত করে দক্ষ মানবসম্পদে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। পরিশেষে সফলভাবে কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং জেলা প্রশাসকের সমাপনী ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।