ঢাকা | জুন ৯, ২০২৬ - ২:০০ পূর্বাহ্ন

শিরোনাম

পবায় শিশুকে যৌন হয়রানির অভিযোগে ভ্যানচালককে গণপিটুনি

  • আপডেট: Monday, June 8, 2026 - 11:23 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ভ্যানে বাড়ি পৌঁছে দেওয়ার পথে যৌন হয়রানির অভিযোগে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। ঘটনার পর স্থানীয় জনতার গণপিটুনিতে অভিযুক্ত ব্যক্তি গুরুতর আহত হলে পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে।

সোমবার দুপুর ১টার দিকে পবা থানার নওহাটা এলাকায় উম্মুক্ত বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্রের সামনে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।

আটককৃত ভ্যানচালকের নাম মতিন আলী, সে উপজেলার দুয়ারী এলাকার বাসিন্দা। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মদনহাটি গ্রামের ওই শিশুটি নওহাটা থেকে বাড়ি ফেরার জন্য মতিন আলীর ভ্যানে ওঠে। পথে ভ্যানচালক মতিন ওই শিশুর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করে বলে অভিযোগ ওঠে। শিশুটি বাধা দিলেও মদনহাটি যাওয়ার পথজুড়ে কয়েক দফায় একই আচরণ করা হয়।

বাড়ি পৌঁছে শিশুটি বিষয়টি তার বাবা ও স্বজনদের জানালে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ভ্যানচালককে আটক করে মারধর করে। খবর পেয়ে পবা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠায়। একই সঙ্গে পুলিশ ভুক্তভোগী শিশু ও তার পরিবারের সাথে কথা বলে এবং ঘটনাস্থল পরিদর্শন করে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে আটক করে পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।