বাগমারায় পুলিশ পরিদর্শকের ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল, পুলিশ লাইনসে ক্লোজ
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা থানায় নিজ কার্যালয়ে বসে পরিদর্শক (তদন্ত ওসি) কমলেশ দাসের ‘ঘুষ গ্রহণের’ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গত রোববার রাতে ভিডিওটি সোশ্যাল প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-আলোচনার সৃষ্টি হয়। এই ঘটনার পর গতকাল সোমবার দুপুরে অভিযুক্ত পরিদর্শক কমলেশ দাসকে বাগমারা থানা থেকে প্রত্যাহার করে রাজশাহী পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
৫২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কমলেশ দাস নিজ দপ্তরে বসে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণ করেন। পরে টেবিলের নিচে নিয়ে টাকা (অধিকাংশই এক হাজার টাকার নোট) বের করেন। একপর্যায়ে নোটগুলো দ্রুত গণনা শেষে নিজের মানিব্যাগে রাখেন। কমলেশ দাস এ সময় খুশি হয়ে অর্থদাতার দিকে তাকিয়ে হাসিমুখে কথা বলতে থাকেন। পরে টেবিলের ওপরে থাকা লাল রঙের একটি খাতায় লেখা ওই খামদাতাকে দেখান।
গত রোববার রাতে ‘কাজিম বাবু’ নামের এক সাংবাদিকদের ফেসবুক পেজ থেকে প্রথমে ওই ভিডিও পোস্ট করা হয়। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। অনেকেই ভিডিওটি দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং কমেন্ট বক্সে বিভিন্ন রকম মন্তব্য লিখে প্রতিক্রিয়ার কথা ব্যক্ত করেন।
তবে ওই পুলিশ কর্মকর্তা যাঁর কাছ থেকে খাম নিয়েছেন, তাঁকে দেখা বা শনাক্ত করা যায়নি। উভয়ের মধ্যে আলাপচারিতার শব্দও বন্ধ রাখা হয়েছে। কমলেশ দাস প্রায় তিন মাস আগে বাগমারায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিসেবে যোগ দেন।
এ বিষয়ে তার বক্তব্য নেওয়ার জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন- ‘কে, কখন ও কীভাবে ভিডিও করেছে, সেটা বুঝতে পারছি না। তবে কেউ রেশন নিয়ে এটা করতে পারে।’
এদিকে রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, বিষয়টি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে ওই পুলিশ কর্মকর্তাকে বাগমারা থানা থেকে রাজশাহী পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। এ বিষয়ে তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।











