ঢাকা | জুন ৯, ২০২৬ - ২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম

নগরীতে আম বাগানের দখল নিয়ে শরিকদের হামলা ও প্রাণনাশের হুমকি

  • আপডেট: Monday, June 8, 2026 - 11:04 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন বামনশিকড় এলাকায় শরিকানা আম বাগানের দখল নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা, জোরপূর্বক আম পেড়ে নেয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

এই ঘটনায় ভুক্তভোগী গাজী শাহা (৩৭) বাদী হয়ে প্রতিবেশী মো. ইদ্রিস (৫৫) ও মো. গোলাম নবীসহ (৫৮) সাতজনের নাম উল্লেখ করে মতিহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, খড়খড়ি বামনশিকড় এলাকায় বাদী গাজী শাহার একটি শরিকানা জমি ও আম বাগান রয়েছে।

গত রোববার (৭ জুন) বেলা আনুমানিক ১২টার দিকে ২ নম্বর বিবাদী গোলাম নবীর নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই আম বাগানে প্রবেশ করে এবং জোরপূর্বক আম পাড়তে শুরু করে। বাদী বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে বিবাদীরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

একপর্যায়ে ৪ নম্বর বিবাদী আলম বাদীকে উদ্দেশ্য করে বলেন, একে মেরে ফেললে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তোরা যা দলিল বা কাগজাদি করেছিস তা কোনো কাজে আসবে না। এই বলে তারা বাদীকে প্রাণে মেরে ফেলার ও বড় ধরনের ক্ষতিসাধনের হুমকি প্রদান করে।

আকস্মিক এই পরিস্থিতিতে ভুক্তভোগী গাজী শাহা তাঁর পুকুরের অংশীদার শাহাবুল সরকার টুটুলকে মুঠোফোনে বিষয়টি জানান। পরবর্তীতে টুটুল তাৎক্ষণিকভাবে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করলে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়, যার ফলে বাদী প্রাণে রক্ষা পান।

অভিযোগে মোসা. আলিয়া (৫২) ও মোসা. তারা (৩২) সহ স্থানীয় বেশ কয়েকজনকে এই ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকে বিবাদীরা যেকোনো সময় বড় ধরনের ক্ষতি করতে পারে আশঙ্কায় ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। পরিস্থিতি বিবেচনায় তদন্তপূর্বক দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী গাজী শাহা।

এ বিষয়ে মতিহার থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।