ঢাকা | জুন ৭, ২০২৬ - ১২:৩৬ পূর্বাহ্ন

হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণে আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, June 6, 2026 - 10:18 pm

স্টাফ রিপোর্টার: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও নেতৃত্ব বিকাশে রাজশাহীতে অনুষ্ঠিত এক আঞ্চলিক সেমিনারে হলদে পাখি কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে এর সম্প্রসারণে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয়ের ব্যবস্থাপনায় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে গতকাল শনিবার সকালে রাজশাহী শহরের একটি রেস্টুরেন্টে রাজশাহী ও রংপুর অঞ্চলে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত রাখেন বক্তব্য বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কমিশনার সিরাজুম মুনিরা। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষার রংপুর বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান এবং রাজশাহী বিভাগের উপ-পরিচালক নূর আখতার জান্নাতুল ফেরদৌস। বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন) সাবিনা ফেরদৌস।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। সেশনটি সঞ্চালনা করেন বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক গ্রেড-১ কর্মকর্তা কাজী জেবুন্নেছা বেগম।

সেমিনারে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা, রাজশাহী ও রংপুর অঞ্চলের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিজ্ঞ পাখি (শিক্ষক), গাইড সদস্যসহ প্রায় ২৩০ জন অংশগ্রহণ করেন।