ঢাকা | জুন ৬, ২০২৬ - ১১:২২ অপরাহ্ন

পরিবেশ দিবসে নগরীতে গাছের চারা বিতরণ

  • আপডেট: Saturday, June 6, 2026 - 10:19 pm

স্টাফ রিপোর্টার: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহীতে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেলে ছোট বনগ্রাম মাদ্রাসা মাঠে এ কর্মসূচির আয়োজন করে সাউথইস্ট ব্যাংক পিএলসি, রাজশাহী শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা)। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইলিয়াছ উদ্দিন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আকবর আলী।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর রাজশাহী ও রংপুর রিজিওনের ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড মঞ্জুরুল কবির তালুকদার।

পরে উপস্থিত অতিথিরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।