ঢাকা | জুন ৭, ২০২৬ - ১২:৩৬ পূর্বাহ্ন

মহাদেবপুরে মানবপাচার মামলার সাক্ষিকে হুমকি, থানায় জিডি

  • আপডেট: Saturday, June 6, 2026 - 10:11 pm

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে মানবপাচার মামলার বাদি ও সাক্ষিদেরকে মামলায় সাক্ষ্য না দেয়ার জন্য চাপ সৃষ্টি, অকথ্যভাষায় গালাগাল, সাক্ষিদের বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানো, বসতবাড়ি আগুনে জ¦ালিয়ে দেয়া ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে মহাদেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মানবপাচার মামলার বাদি উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের উত্তরগ্রাম গড়েরপাড় গ্রামের সাহারাম খাঁ এর ছেলে জুলহাজ খান গত শুক্রবার বিকেলে মহাদেবপুর থানায় সাধারণ ডাইরিটি এন্ট্রি করেন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ডাইরির বিষয় তদন্ত করার জন্য থানার এসআই আসাদুজ্জামানকে দায়িত্ব দেয়া হয়েছে। জুলহাজ খান অভিযোগ করেন যে, ওইগ্রামের আব্দুস সাত্তারের ছেলে এরশাদ রানা কাতার থেকে ফিরে দেশে এসে জুলহাজ খান ও উত্তরগ্রাম চককামাল পশ্চিমপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে রায়হান হোসেনকে রোমানিয়া পাঠানোর নাম করে মোট সাত লাখ ২০ হাজার টাকা নেয়। এরপর তাদেরকে বিদেশ পাঠানোর নাম করে ঢাকায় জমজম টাওয়ারের পঞ্চমতলায় ডেকে নিয়ে তিন দিন ধরে আটকে রেখে বাড়ি থেকে আরো টাকা দাবি করে। শেষে তাদেরকে ভুয়া ভিসা প্রদান করে। জুলহাজ ও রায়হান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে জানতে পারেন যে, তাদের দেয়া ভিসা ভূয়া।

জুলহাজ এ ব্যাপারে এরশাদ রানা ও তার স্ত্রী নাজমা বেগমের বিরুদ্ধে নওগাঁর মানবপাচার ট্রাইব্যুনালে একটি মামলা (৫৩/২০২৪ পি মানবপাচার) দায়ের করেন। আগামী ২৫ জুন মামলাটির চার্জ গঠনের জন্য ধার্য আছে। মামলা দায়েরের পর থেকে এরশাদ ও নাজমা বাদি জুলহাজ ও তার পরিবারের সদস্যদেরকে মামলা তুলে নিতে নানান হুমকি দিয়ে আসছে। গত ৩ জুন দুপুরে এরশাদ ও নাজমা মামলার সাক্ষি কছির উদ্দিনের ছেলে সাইদুর রহমানের বাড়ির সামনে গিয়ে সাইদুর ও তার পরিবারকে মামলায় সাক্ষ্য না দেয়ার জন্য চাপ সৃষ্টি করে। সাইদুর এতে রাজি না হলে তাকে অকথ্যভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেয়।