ঢাকা | জুন ৬, ২০২৬ - ১১:২২ অপরাহ্ন

রাণীনগরে পুলিশের ওপর হামলা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ২ জন গ্রেপ্তার

  • আপডেট: Saturday, June 6, 2026 - 10:12 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় রিফাত হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল প্রামানিক (৫০) নামে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে পৃথক অভিযানে চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের গতকাল শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল জানান, পুলিশের ওপর হামলার ঘটনার সাথে জড়িত রিফাত হোসেন এলাকায় রয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রিফাতকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রিফাত উপজেলার বড়বড়িয়া গ্রামের কেয়ারব আলীর ছেলে। গত ২১ মে রাতে বিজয়কান্দি বড়বড়িয়া এলাকায় অভিযানে যায় থানা পুলিশ। এসময় বিজয়কান্দি বড়বড়িয়া গ্রামের কেয়ারব আলীর ছেলে আশিক ও তার মা চায়না বেগমের নেতৃত্বে পুলিশের দুই কর্মকর্তার উপর হামলা চালিয়ে মারধর করে।

এ ঘটনায় ওই রাতেই থানা পুলিশের পক্ষ থেকে ৩ জনকে এজাহারনামীয় এবং আরো ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে ঘটনার সাথে জরিত থাকার বিষয়টি প্রাথমিকভাবে প্রতিয়মান হওয়ায় গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে রিফাতকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া একই রাতে উপজেলার খট্রেশ্বর গ্রামের বাশেদ আলীর ছেলে জামাল প্রামানিককে গ্রেপ্তার করা হয়েছে। জামাল প্রামানিক একটি প্রতারণা মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। গ্রেপ্তারকৃতদের গতকাল শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।