শাপলার উদ্যোগে উপকারভোগীদের কৃষি ঋণের চেক ও শিক্ষা বৃত্তি প্রদান
প্রেস বিজ্ঞপ্তি: বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে গতকাল শনিবার সকাল ১০টায় উপকারভোগীদের মাঝে কৃষি ঋণের চেক বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের এমআরএ-এমএফআই উচ্চ শিক্ষা ও সাধারণ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। সংস্থার নগরীর সপুরাস্থ কার্যালয় (শাপলা কালচারাল স্কুলের কনফারেন্স হল) হতে কর্ম এলাকার উপকারভোগীদের মাঝে এই কৃষি ঋণের চেক বিতরণ এবং রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার এবং উপজেলার মোট ৪৪ জন (উচ্চ শিক্ষা বৃত্তি ৯ জন এবং সাধারণ শিক্ষা বৃত্তি ৩৫ জন) মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
কৃষি ঋণের চেক বিতরণ ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উত্তরা ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আবুল হাসেম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উত্তরা ব্যাংক পিএলসি-এর উপ ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম ও উত্তরা ব্যাংক পিএলসি এর উপ মহাব্যবস্থাপক ও রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান আব্দুস সালাম। সভাপতি হিসেবে ছিলেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।
সংস্থার উচ্চ শিক্ষা বৃত্তির আওতায় ৯ জন শিক্ষার্থীকে জানুয়ারি ২০২৬ মাসের জন্য (প্রতিমাস জনপ্রতি ৩০০০.০০) তিন হাজার হিসেবে এবং সাধারণ শিক্ষা বৃত্তির আওতায় ৩৫ জন শিক্ষার্থীকে (প্রতিমাস জনপ্রতি ১৫০০.০০) এক হাজার পাঁচশত টাকা হিসেবে সর্বমোট ৭৯,৫০০.০০ (উনআশি হাজার পাঁচশত) টাকা প্রদান করা হয়। উল্লেখ্য, উচ্চ শিক্ষা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা বুয়েট, মেডিকেল, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের প্রাপ্ত শিক্ষা বৃত্তির টাকা মানসম্মত শিক্ষা এবং শিক্ষা উপকরণসহ শিক্ষার উন্নয়নে ব্যবহারের পরামর্শ দেন। শিক্ষার্থীরা যাতে কোনভাবেই মাদক ও মোবাইলে আসক্ত না হয় সেই পরামর্শও প্রদান করেন। পাশাপাশি অতিথিবৃন্দ তাদের মানসম্মত ও ভবিষ্যত সমৃদ্ধশালী উন্নত শিক্ষা জীবন কামনা করেন।
অনুষ্ঠানে আগত শিক্ষার্থী, অভিভাবক, উপকারভোগী সদস্য এবং অতিথিবৃন্দ শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন এবং শাপলা এর উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক (নাচ ও গান) কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষবৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক, উপকারভোগী সদস্য, বিভিন্ন পর্যায়ের স্টাফ ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।











