ঢাকা | জুন ৪, ২০২৬ - ১২:১৪ পূর্বাহ্ন

রাণীনগরে আগুনে পুড়লো বসতবাড়ি, নিঃস্ব পরিবার

  • আপডেট: Wednesday, June 3, 2026 - 10:22 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে লাগা আগুনে একটি বসতবাড়ির সর্বস্ব পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবারটি।

বুধবার সকাল ৮টার দিকে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের কালীগ্রাম দিঘীরপাড়া গ্রামের বেলাল সোনারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলাল সোনার ওই গ্রামের রেজাউল সোনারের ছেলে।

বেলালের বড় ভাই সেলিম সোনার জানান, গত মঙ্গলবার বেলাল সোনারের পরিবারের লোকজন একটি দাওয়াতে অংশ নিতে বাড়িতে তালা দিয়ে শ্বশুরবাড়িতে যান।

বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে হঠাৎ করেই বন্ধ ঘরের ভেতর আগুন জ্বলতে দেখেন প্রতিবেশীরা। এ সময় স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে রাণীনগর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনের তীব্রতায় ঘরের টিনের চালা, ভেতরে থাকা ফ্রিজ, টিভি, নগদ ৩০ হাজার টাকা ও বিভিন্ন আসবাবপত্রসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারটির প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার সেলিম হোসেন জানান, খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত পদক্ষেপ না নিলে আশেপাশের আরও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসান বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।