ঢাকা | জুন ৩, ২০২৬ - ১১:২০ অপরাহ্ন

পাবনায় অজ্ঞাত কিশোরীর মরদেহের পরিচয় মিলেছে, তিন কিশোর আটক

  • আপডেট: Wednesday, June 3, 2026 - 10:24 pm

পাবনা প্রতিনিধি: পাবনার ভাড়ারায় পদ্মানদী থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে। একইসাথে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও ঘটনার সাথে জড়িত তিন কিশোরকে আটক করেছে পুলিশ।

উদ্ধার হওয়া কিশোরীর নাম রিয়া খাতুন (১৫) খাতুন। সে ভাড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর গ্রামের আজিজুল প্রামানিকের মেয়ে। সে স্থানীয় মাওলানা কাসিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

এর আগে বুধবার সকালে ভাড়ারার বলরামপুর পীরপুর এলাকায় পদ্মা নদীর তীর থেকে হাত পা বাঁধা পলিথিনের বস্তা দিয়ে মোড়ানো ভাসমান অবস্থায় রিয়া খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলো- পূর্ব রাঘবপুর গ্রামের মৃত কাশেম প্রামানিকের ছেলে মোহাম্মদ নাঈম (১৬) একই এলাকার শফিক শেখের ছেলে মোহাম্মদ ইয়াসিন শেখ (১৬) ও শিমুল প্রামানিকের ছেলে মোহাম্মদ তুহিন প্রামানিক (১৭)।

বুধবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সন্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান জানান, আটককৃত নাঈমের সাথে রিয়া খাতুনের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত মঙ্গলবার রিয়া খাতুন নাঈমের বাসায় বেড়াতে যায়।

সেখানে উভয়ের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে কথা কাটাকাটি ও বিরোধ সৃষ্টি হয়। একপর্যায় নাঈম রিয়া খাতুনকে শ্বাসরোধে হত্যা করে।

পরে নাঈম তার অপর দুই বন্ধুর সহায়তায় মরদেহ একটি প্রাইভেটকারযোগে পদ্মা নদীর তীরে নিয়ে ফেলে আসে। গতকাল বুধবার সকাল থেকে পুলিশ ওই এলাকার সিসি টিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে নাঈমসহ ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করে।