আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে সোমাইয়া (৮) নামে এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
বুধবার সকাল আনুমানিক সাড়ে ১১টায় উপজেলার সাহাগোলা ইউনিয়নের বহলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোমাইয়া রাণীনগর উপজেলার খট্টেশ্বর ইউনিয়নের খট্টেশ্বর গ্রামের ওয়াসিমের মেয়ে। সে ওই গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। ওইদিন সকালে পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে গভীর পানিতে তলিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল জানান, খবর পেয়ে আমি হাসপাতালে দেখতে গিয়েছিলাম। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু সোমাইয়াকে মৃত ঘোষণা করলেও স্বজনরা উন্নত চিকিৎসার আসায় নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেছে।











