ঢাকা | জুন ৩, ২০২৬ - ১:১৩ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে ২ বিদেশি পিস্তল ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার, আটক ২

  • আপডেট: Tuesday, June 2, 2026 - 10:25 pm

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী চেকপোস্টে বিশেষ অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলিসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এস. এম. মাকছুদুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাজাবাড়ী চেকপোস্টে একটি প্রাইভেট কার তল্লাশি করে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এ সময় ঢাকা মেট্রো-গ ১৯-১৫১৭ নম্বরের প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- কুষ্টিয়া জেলার বটতলী চারমাইল এলাকার মৃত ফয়েজ উদ্দিন শেখের ছেলে মো. দুলাল শেখ (৩৭) এবং একই এলাকার মো. শামীম ইসলামের মেয়ে মোছা. সানজিদা আক্তার শিমু (১৮)। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্রগুলো চাঁপাইনবাবগঞ্জ থেকে কুষ্টিয়ায় নেওয়া হচ্ছিল। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।