রাজশাহীতে আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬-এর পর্দা উন্মোচন
স্টাফ রিপোর্টার: ভারতের সহকারী হাইকমিশন, রাজশাহী এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে “আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬”-এর পর্দা উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাজশাহী চেম্বার ভবন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন, প্রধান বক্তা হিসেবে রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ এবং বিশেষ অতিথি হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এছাড়াও বক্তব্য রাখেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যোগব্যায়াম কেবল শারীরিক সুস্থতার জন্যই নয়, মানসিক প্রশান্তি ও সুস্থ জীবনযাপন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত যোগচর্চা ব্যক্তি জীবনে শৃঙ্খলা, মানসিক স্থিতি ও ইতিবাচকতা বৃদ্ধিতে সহায়ক। আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনধারা গড়ে তোলার বার্তা ছড়িয়ে পড়ছে বলেও তারা উল্লেখ করেন। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজশাহী চেম্বারের পরিচালকবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীতে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে “আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬”-এর পর্দা উন্মোচন করা হলো।











