ঢাকা | মে ১৮, ২০২৬ - ১১:৩৮ অপরাহ্ন

শিরোনাম

শিবগঞ্জে ক্ষতিকর ৬০ বস্তা পলিথিন ও ট্রাকসহ চালক আটক

  • আপডেট: Monday, May 18, 2026 - 11:10 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে পরিবেশের জন্য ক্ষতিকর ৬০ বস্তা পলিথিন ও একটি ট্রাকসহ মিলন প্রামানিক (৩৯) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তি নাটোরের সিংড়া উপজেলার আতাইকুলা পূর্বপাড়া গোরস্থান সংলগ্ন এলাকার ফয়জাল প্রামাণিকের ছেলে।

গতকাল সোমবার সকালে শিবগঞ্জ পৌরসভার গোয়ালপাড়া-গাজী চেয়ারম্যানের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে উপপরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র মন্ডলের নেতৃত্বে একদল পুলিশ শিবগঞ্জ পৌরসভার গোয়ালপাড়া-গাজী চেয়ারম্যানের মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় নিষিদ্ধ ঘোষিত পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ পলিথিন বোঝাই একটি ট্রাক জব্দ করে। পরে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় ৬০ বস্তা ক্ষতিকর পলিথিন। যার বাজার মূল্য তিন লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয় চালক মিলন প্রামাণিককে।

তিনি আরও জানান, এ ব্যাপারে শিবগঞ্জ থানায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সালের ১৫ (১) এর ৪ (ক)/১৫ (১) টেবিলের ৪ (খ) ধারায় একটি মামলা দায়ের হয়েছে।