লালপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলাে ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে উপজেলার চকনাজিরপুর বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর থেকে বনপাড়াগামী ঢাকা মেট্রো-ট ১৬-৮৩১৫ নম্বরের একটি ট্রাক চকনাজিরপুর বাজার এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ট্রাকটি চালাচ্ছিল ট্রাকের হেলপার ইসরাইল হোসেন (৩১)। তিনি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের আব্দুল প্রামানিকের ছেলে। এসময় ট্রাকটির সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানচালক জাকির আলী খান (৫৫) এর মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত জাকির আলী খান উত্তর লালপুর গ্রামের মৃত আব্দুল বারি খানের ছেলে। ঘটনার পর ট্রাকসহ চালক ইসরাইল হোসেনকে আটক করে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির হেফাজতে নেয়া হয়েছে।
লালপুর থানার (ওসি) শফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।











