সিরাজগঞ্জে তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব শুরু
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী সরকারি কর্মসূচি শুরু হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে এই উৎসবের উদ্বোধন করা হয়। উৎসবকে কেন্দ্র করে গতকাল সকাল থেকেই কাছারিবাড়ি প্রাঙ্গণে স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে শাহজাদপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও পৃথক কর্মসূচি পালন করছে।
আয়োজক কমিটি জানিয়েছে, ২৫ বৈশাখ উপলক্ষে গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী রোববার পর্যন্ত। তিন দিনের কর্মসূচিতে কবির জীবন ও কর্মের ওপর আলোচনা সভা, রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি এবং নাটক প্রদর্শনী অন্তর্ভুক্ত রয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তত্ত্বাবধানে এসব সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হচ্ছে।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।











