ঢাকা | মে ৮, ২০২৬ - ১০:৩৯ অপরাহ্ন

রাজশাহীতে ‘প্রাণদ’-এর পারিবারিক মিলনমেলা

  • আপডেট: Friday, May 8, 2026 - 10:30 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আবারো আয়োজিত হয়ে গেল প্রাণদ-এর পারিবারিক মিলনমেলা।

দেশের ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, যারা পদ্মাবিধৌত এই আম-রেশমের মহানগরী রাজশাহী ও এর সংলগ্ন নানা জেলায় নানা পেশায় যুক্ত রয়েছেন তাদের সংগঠন ‘প্রাণদ’। ‘বন্ধনই শক্তি, বন্ধনেই মুক্তি’ স্লোগান সামনে রেখে প্রায় এক দশক আগে গঠিত হয় ‘প্রাণদ’। এরপর প্রায় প্রতি বছর পারিবারিক মিলনমেলাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে আসছে সংগঠনটি।

এবারের পারিবারিক মিলনমেলা আয়োজিত হলো  শুক্রবার।

রাজশাহী নগরীর তেরখাদিয়ায় ভিক্টোরিয়া কনভেনশন হলে দিনভর এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।গতকাল শুক্রবার সকাল ৯টায় রেজিস্ট্রেশন এবং সাড়ে ১০টায় শোভাযাত্রার মাধ্যমে মিলনমেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে অংশ নেন কয়েকশত প্রাণদী ও তাঁদের পরিবারের সদস্যবৃন্দ।

দিনভর পারিবারিক মিলনমেলায় পরের পর্বগুলোর মধ্যে ছিল স্বাগত বক্তব্য, প্রাণদীদের স্মৃতিচারণ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফল ড্রসহ বিভিন্ন আয়োজন।

প্রাণদের সদস্য ও রাজশাহীর বর্তমান বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, অতিরিক্ত পুলিশ কমিশনার, রাজশাহী রেঞ্জের ডিআইজিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক ডিন ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ প্রফেসর আনসার উদ্দীন, রাজশাহী নিউ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ড. কালাচাঁদ শীলসহ রাবি ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, রাজশাহীর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেনসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা এবং নানা প্রতিষ্ঠানে কর্মরত দুই শতাধিক প্রাণদ সদস্য ও তাদের পরিবারের সদস্যসহ সাড়ে তিনশরও বেশি মানুষ আজকের এই মিলনমেলায় অংশ নিলেন।

দিনভর আড্ডা, স্মৃতিচারণ, গান-কবিতা, আর আনন্দমুখর আয়োজনে প্রাণদীদের এই মিলনমেলা রাজশাহীতে এক টুকরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়। সবার চোখে সেদিনের সেই বিশ্ববিদ্যালয় জীবনের তারুণ্য যেন ঝলকে ঝলকে উঠছিল। পরবর্তী মিলনমেলার স্বপ্ন নিয়ে সন্ধ্যার পর ভাঙে এবারের মিলনমেলা।