বাঘায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় পারিবারিক কলহের দ্বন্দ্বের জেরে শাকিলা নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
শুক্রবার ভোরে বাঘা পৌর সভার ৩ নং কলিকগ্রাম পশ্চিম পাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। সকাল ১১টায় পুলিশ লাশটি উদ্ধার করে। পরে দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা গেছে, নিহত ওই নারী এক সন্তানের জননী। তার স্বামী আশিক বর্তমানে অন্য জেলায় ধান কাটার শ্রমিক হিসেবে কমরর্ত আছেন বলে পরিবার ও স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক ও ব্যক্তিগত বিষয় নিয়ে গত বৃহস্পতিবার রাতে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে গৃহবধূর কথাকাটাকাটি হয়, যা একপর্যায়ে মানসিক অশান্তিতে রূপ নেয়। এর জেরে গতকাল শুক্রবার ভোরে তিনি নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শাকিলা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে বাঘা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।











