রুয়েটে ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তীর জাঁকজমক প্রস্তুতি
রুয়েট প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) চলতি বছরের শেষ নাগাদ ষষ্ঠ সমাবর্তন এবং প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে ‘হীরক জয়ন্তী’ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৫৭তম সভায় এই আনুষ্ঠানিক সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এই মহোৎসব সম্পন্ন করার পরিকল্পনা নেয়া হয়েছে। এই আয়োজনের মাধ্যমে রুয়েট পরিবারের বিভিন্ন প্রজন্মের সদস্যদের মধ্যে সেতুবন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, রুয়েটে সর্বশেষ পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ১ ডিসেম্বর। এরপর বেশ কয়েকটি ব্যাচ স্নাতক সম্পন্ন করলেও নতুন সমাবর্তন না হওয়ায় শিক্ষার্থীরা দীর্ঘকাল মূল সনদপত্র প্রাপ্তির অপেক্ষায় ছিলেন। দেশ-বিদেশে উচ্চশিক্ষা ও পেশাগত প্রয়োজনে মূল সনদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই ষষ্ঠ সমাবর্তনের উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একাডেমিক কাউন্সিল সভায় প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি তথা হীরক জয়ন্তী উদযাপনের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। ১৯৬৪ সালে ‘প্রকৌশল মহাবিদ্যালয়, রাজশাহী’ হিসেবে এই বিদ্যাপীঠের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৮৬ সালে এটি ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি)’ এবং ২০০৩ সালের ১ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ‘রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)’ নামে কার্যক্রম শুরু করে। দীর্ঘ ছয় দশকে প্রতিষ্ঠানটি দেশের প্রকৌশল শিক্ষায় অনবদ্য অবদান রেখে চলেছে।
এ বিষয়ে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, “আসন্ন সমাবর্তন ও হীরক জয়ন্তী রুয়েট পরিবারের জন্য একটি গৌরবময় ও আনন্দঘন মুহূর্ত হবে। এটি নতুন স্নাতকদের সাফল্য উদযাপনের পাশাপাশি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের অনন্য সুযোগ সৃষ্টি করবে। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় প্রাক্তন শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য।”











