ঢাকা | মে ৪, ২০২৬ - ১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম

বাংলাদেশকে পুনর্গঠনের কাজ শুরু করেছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

  • আপডেট: Sunday, May 3, 2026 - 10:06 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, বর্তমান সরকার যেকোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার আছে, থাকবে এবং যেকোনো মূল্যে বাংলাদেশ থেকে অন্যায় নির্মূল করে ছাড়বে ইনশাল্লাহ। ১৭ বছর ধরে দেশকে যে ধ্বংসাবশেষে পরিণত করা হয়েছে, সেখান থেকে বাংলাদেশকে পুনর্গঠনের কাজ শুরু করেছে সরকার। তবে এ জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।

রোববার নাটোরের লালপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আড়বাব ইউনিয়নের সালামপুরে চন্দনা খাল এবং ওয়ালিয়া ইউনিয়নের খলিসাডাঙ্গা নদীর খননকাজের উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী বলেন, এই খাল খনন শুধু একটি খাল খনন নয়, এটি লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নের নতুন যাত্রা। একটি খাল খনন মানে একটি এলাকার সার্বিক উন্নয়ন। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে, পানির সঙ্কট দূর হবে, বৃষ্টির পানি সংরক্ষণ করা যাবে এবং কৃষিতে সেচের সুবিধা বাড়বে। মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও অনলাইন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে না পারলে শুধু অবকাঠামোগত উন্নয়ন টেকসই হবে না। যুবসমাজকে রক্ষা করতে হবে, তাহলেই উন্নয়ন অর্থবহ হবে।

নির্বাচনি ইশতেহারের বিভিন্ন প্রতিশ্রুতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা, মাদকমুক্ত সমাজ গঠন, সড়ক নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। খুব দ্রুত এসব সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে বলেও জানান তিনি। তিনি বলেন, আমরা উন্নয়ন বলতে শুধু রাস্তা বা অবকাঠামো বুঝি না, প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তনকে বুঝি। বেকারদের জন্য লাখ লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে, যার ৮০ শতাংশ নারীদের জন্য সংরক্ষিত থাকবে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।