ঢাকা | মে ৩, ২০২৬ - ১১:২৮ অপরাহ্ন

শিরোনাম

বাগমারায় বিলকালাই বিল উদ্ধার: লিজ গ্রহীতাকে দখল হস্তান্তর করলেন এসিল্যান্ড

  • আপডেট: Sunday, May 3, 2026 - 10:00 pm

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের ‘বিলকালাই বিল’ অবৈধ দখলমুক্ত করে লিজ গ্রহীতা ‘কসবা একতা মৎস্যজীবী সমবায় সমিতি’র অনুকূলে হস্তান্তর করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুঞা আনুষ্ঠানিকভাবে ওই বিলে মাছের পোনা অবমুক্ত করে সমিতির কাছে বিলটির নিয়ন্ত্রণ বুঝিয়ে দেন।

দখল হস্তান্তরকালে উপস্থিত ছিলেন বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) কমলেশ কুমার, হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রবিউল ইসলাম, প্রভাষক বেলাল উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী ইমন হাসান, মতিউর রহমান, নাজমুল ইসলাম এবং মৎস্যচাষী জহুরুল ইসলাম, গোলাম রহমান ও সফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট ভূমি অফিস সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৭ বছর ধরে বিলকালাই বিলটি শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিমের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা দখল করে মাছ চাষ করে আসছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান ইউপি চেয়ারম্যান প্রভাষক মোশারফ হোসেন ও তার অনুসারীরা বিলটি নিজেদের নিয়ন্ত্রণে নেন।

অভিযোগ রয়েছে, এই বিলে ১১৯ একর খাস জমি থাকলেও দীর্ঘ সময় ধরে সরকারি কোষাগারে কোনো অর্থ জমা দেওয়া হয়নি। এছাড়া বিলে প্রায় ৫ হাজার বিঘা ব্যক্তিমালিকানাধীন জমি থাকলেও সাধারণ কৃষকদের লিজের কোনো টাকা প্রদান করা হয়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুঞা জানান, চলতি অর্থবছরে বাগমারার সরকারি খাস জলাশয় ইজারা প্রদানের লক্ষ্যে উপজেলা জলমহাল ইজারা কমিটি দরপত্র আহ্বান করে। এতে সর্বোচ্চ দরদাতা হিসেবে ‘কসবা একতা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড’ বিলকালাই বিলটির লিজ পায়।

জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী, গতকাল বিলে ৮০০ কেজি মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে বৈধ লিজ গ্রহীতাদের অনুকূলে বিলের দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। এই পদক্ষেপের ফলে দীর্ঘদিনের অবৈধ দখলের অবসান ঘটল এবং সরকারি রাজস্ব আদায়ের পথ সুগম হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।