পাচারের সময় ৩ টন সার ধরল এনএসআই, জরিমানা
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে তিন টন ইউরিয়া সার পাচার ঠেকিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)। রাজশাহীর চারঘাট থেকে এই সার গোদাগাড়ী উপজেলায় পাচার হচ্ছিল। প্রত্যেক এলাকার চাহিদা অনুযায়ী সার বরাদ্দ হয়। তাই এক এলাকার সার অন্য এলাকায় নেয়ার সুযোগ নেই।
এনএসআইয়ের রাজশাহী মেট্রো কার্যালয়ের কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর চণ্ডিপুর এলাকায় সার নিয়ে যাওয়ার সময় তিনটি নছিমন আটকান। পরে পুলিশ, কৃষি কর্মকর্তা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে খবর দেয়া হয়।
তিনটি নছিমনে মোট ৬০ বস্তা সার ছিল। সারের ওজন ৩ টন। অবৈধভাবে চারঘাটের বেলঘরিয়া থেকে এই সার গোদাগাড়ীর কদমশহরে মেসার্স রেজাউল অ্যান্ড সন্স নামের এক ডিলারের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল।
এ অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস রেজাউল করিমকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। তিনি জানান, এই সার নেয়ার জন্য রেজাউল করিম কোনো ক্যাশ মেমো কিংবা সরকারি অনুমোদন দেখাতে পারেননি। তাই মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা ফারজানা হক ভোক্তা অধিকার আইনে তার কাছে অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি জানান, জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ করেছেন অভিযুক্ত রেজাউল করিম। সার জব্দ করা হয়নি। তবে তার কাছে পাওয়া সার প্রকৃত ডিলারের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।











